নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রেপ্তারের একদিন পর পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে শরীফ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার চরচারতলা গ্রামের আবদুর রবের ছেলে।
পুলিশের দাবি, নিহত যুবক আন্তজেলা ডাকাতদলের সদস্য। সোমবার ভোরে উপজেলার সোনারামপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার দিবাগত রাতে শরীফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার ভোররাতে তাকে নিয়ে উপজেলার সোনারামপুর এলাকায় ডাকাত ধরার অভিযানে গেলে শরীফের সহযোগীরা পুলিশের ওপর গুলি ছুড়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শরীফ।
ওসি বলেন, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তারা হলেন এএসআই মো. শারফিন মিয়া, কনস্টেবল আবদুল মান্নান, ফারুক মিয়া ও লিয়াকত মিয়া। তিনি জানান, শরীফের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, নিহত শরীফ এলাকার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে।

Be the first to comment on "ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তারকৃত আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত"